পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (ডব্লিউবিসিএইচএসই) সচিব পদ থেকে অপসারিত হলেন প্রিয়দর্শিনী মল্লিক। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে। বৃহস্পতিবার স্কুল শিক্ষা দফতরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গিয়েছে, পদ ছাড়তে সম্প্রতি তাঁকে পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। ফলে শেষ পর্যন্ত দফতর থেকেই অপসারণের পদক্ষেপ নেওয়া হয়।
কাজে অনিয়মিত, সংসদে ব্যাঘাত
বেশ কিছুদিন ধরেই প্রিয়দর্শিনীর কাজে অনিয়মিত উপস্থিতি নিয়ে সংসদের প্রশাসনিক কাজকর্ম ব্যাহত হচ্ছিল বলে জানা গিয়েছে। বাবার গ্রেপ্তারির পর থেকেই শিক্ষা প্রশাসনে স্বচ্ছতার প্রশ্নে তাঁর অপসারণ নিয়ে নানা মহলে জল্পনা চলছিল।
কে এই প্রিয়দর্শিনী
প্রিয়দর্শিনী মল্লিক আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ২০২৩ সালের জুলাই মাসে তাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদে নিয়োগ করা হয়েছিল। সেই সময় এই নিয়োগ নিয়েও বিতর্ক হয়েছিল। এবার অপসারণের পর তাঁকে আবার আশুতোষ কলেজেই ফিরিয়ে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
রাজ্যে পালাবদলের ঢেউ
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে একাধিক প্রশাসনিক পদে রদবদল করা হচ্ছে। প্রিয়দর্শিনীর অপসারণও সেই পরিবর্তনের ধারাবাহিকতায়।






