বাংলাদেশ

প্রতিবন্ধীদের সুরক্ষায় তারেক রহমানের নির্দেশ: হাসপাতাল থেকে বাসে হুইলচেয়ার সুবিধা, চালু হবে ‘শিশু স্বর্গ’ প্রকল্প

×

প্রতিবন্ধীদের সুরক্ষায় তারেক রহমানের নির্দেশ: হাসপাতাল থেকে বাসে হুইলচেয়ার সুবিধা, চালু হবে ‘শিশু স্বর্গ’ প্রকল্প

Share this article
প্রধানমন্ত্রী তারেক রহমান.jpg

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা নিশ্চিত করতে বুধবার সচিবালয়ে একটি গুরুত্বপূর্ণ সভা ডাকলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় একাধিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীরা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা ও সীমাবদ্ধতার কথা তুলে ধরেন।

সভায় প্রধানমন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মর্যাদা ও সক্ষমতাকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। এমন পদক্ষেপ নিতে হবে যাতে তারা সমাজ ও রাষ্ট্রের সব কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেন।

অবকাঠামোতে পরিবর্তন আসছে

ভবন নির্মাণ নীতিমালায় সংশোধনের নির্দেশ দেন তারেক রহমান। হাসপাতাল, রেস্টুরেন্টসহ সরকারি ও বেসরকারি সব স্থাপনায় হুইলচেয়ার ব্যবহারকারীদের চলাচলের উপযোগী অবকাঠামো এবং বিশেষ টয়লেট সুবিধা নিশ্চিত করতে হবে। কক্ষের দরজা এমনভাবে তৈরি করতে হবে যাতে হুইলচেয়ার সহজেই প্রবেশ করতে পারে।

নারীদের জন্য পরিকল্পিত ইলেকট্রিক বাসেও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য প্রয়োজনীয় সুবিধা রাখার নির্দেশ দেন তিনি।

তথ্য মন্ত্রণালয়কে নির্দেশ, স্কুল পরিদর্শন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে সচেতনতামূলক কার্যক্রম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া সারা দেশে পরিচালিত প্রতিবন্ধী স্কুলগুলো সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করছে কিনা, তা খতিয়ে দেখতে বলা হয়।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অন্তর্ভুক্ত করার কথাও জানান প্রধানমন্ত্রী।

‘শিশু স্বর্গ’ প্রকল্প

সভায় একটি নতুন উদ্যোগের সিদ্ধান্ত হয়। প্রাথমিকভাবে ১০ জেলার ১০ উপজেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করতে ‘শিশু স্বর্গ’ নামে একটি প্রকল্প চালু করা হবে। দ্রুত এ কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলালও সভায় অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *