দক্ষিণ ভারতীয় সুপারস্টার রজনীকান্ত সম্প্রতি এক অনুষ্ঠানে বেঙ্গালুরুর আর্ট অব লিভিং ফাউন্ডেশনের আন্তর্জাতিক কেন্দ্রে তাঁর একটি সফরের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
রজনীকান্ত জানান, শুরুতে মাত্র দুই দিনের জন্য আশ্রমে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু সেখানকার শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি, লেক এবং হাসিখুশি মানুষ ও প্রাণীদের উপস্থিতি তাঁকে আটকে রেখেছিল। শেষ পর্যন্ত সেই সফর ১৫ দিনে গড়ায়।
আশ্রমের পরিবেশ বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘চারদিকে সবুজ, লেক, আর মানুষ সবাই হাসিখুশি। সেখানে হাতি, ঘোড়া, শত শত গরু ছিল…এমনকি এক ঘোড়ার নামও ছিল রজনী।’ এই মন্তব্যে উপস্থিত দর্শকরা হেসে ওঠেন।
রজনীকান্ত জানান, হিমালয়ের পর এই আশ্রমই তাঁর সবচেয়ে প্রিয় জায়গাগুলোর একটি।
যখন কেউ চিনল না
আশ্রমে থাকার সময় একটি দার্শন অনুষ্ঠানে শত শত ভক্ত উপস্থিত ছিলেন। তামিলনাড়ু থেকেও অনেকে এসেছিলেন। রজনীকান্ত ভেবেছিলেন, তাঁকে সহজেই চিনে ফেলবেন উপস্থিতরা।
কিন্তু বাস্তবে ঘটে উল্টো।
তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম সবাই আমাকে চিনবে। তামিলনাড়ুর অনেক মানুষও সেখানে ছিল। শত শত মানুষ ছিল। আমি সত্যি বলছি, একজনও আমার দিকে তাকায়নি।’
হাত নেড়ে ইঙ্গিত দিলেও কেউ সাড়া দেয়নি বলে জানান তিনি। ছবি তোলা বা অটোগ্রাফ তো দূরের কথা, কেউ কথাও বলেননি।
অহংবোধে নাড়া
এই অভিজ্ঞতা তাঁর অহংবোধকে নাড়িয়ে দিয়েছে বলে স্বীকার করেন রজনীকান্ত। তিনি বলেন, ‘স্টারডম আসে, যায়। কিন্তু এ ধরনের আধ্যাত্মিক স্টারডম চিরস্থায়ী। মৃত্যুর পরও তা থেকে যায়।’
কাজের খবর
কাজের দিক থেকে রজনীকান্তকে সর্বশেষ দেখা গেছে ‘কুলি’ ছবিতে। তিনি বর্তমানে ‘জেলার ২’-এর শুটিং শেষ করেছেন। এই ছবিটি আগস্টে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
সূত্র: ডেকান ক্রনিকল অবলম্বনে




