বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরজ নাম্বিয়ারের সম্পর্ক ভাঙনের গুঞ্জন নিয়ে গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। চার বছরের দাম্পত্য জীবনের ইতি ঘটতে চলেছে বলে দাবি করেন অনেকে।
গুঞ্জনের শুরু হয় সোশ্যাল মিডিয়ায় কিছু পরিবর্তনকে ঘিরে। মৌনী তার প্রোফাইল থেকে বিয়ের কিছু ছবি সরিয়ে দেন। পাশাপাশি তিনি আর স্বামীকে ফলো করছেন না। এরপর সুরজ নাম্বিয়ার নিজের সোশ্যাল অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলে জল্পনা আরো বাড়তে থাকে।
নেটিজেনরা আরো দাবি করেন, অভিনেত্রী দিশা পাটানিও তার ফলো তালিকা থেকে সুরজকে সরিয়ে দিয়েছেন। এরপর অনেকে ধারণা করেন, সম্পর্কে তৃতীয় ব্যক্তির উপস্থিতির কারণে এই দূরত্ব তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে সুরজের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও ছড়িয়ে পড়ে। তবে বিচ্ছেদের বিষয়টি দুজনের কেউই নিশ্চিত করেননি।
এসব গুঞ্জনের মাঝে এবার সরাসরি কথা বললেন মৌনী। তিনি বলেন, ‘আমি সমাজমাধ্যমে আমাদের নিয়ে অনেক কিছু দেখছি। আমি অনুরোধ করছি মিথ্যা কথা ছড়াবেন না। এই মুহূর্তে আমাদের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করুন।’
২০২২ সালে গোয়ায় বাঙালি ও মালয়ালি দুই রীতিতে বিয়ে হয়েছিল মৌনী ও সুরজের। সূত্র: এনডিটিভি।




